করোনার পূর্বাভাস টুলস তৈরির দাবি করেছেন গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) চার অধ্যাপক। অচিরেই এটি করোনানিরোধক ওষুধে রূপান্তরিত হবে বলেও প্রত্যাশা করছেন তারা।
এই চার গবেষক হলেন ডুয়েটের অধ্যাপক ড. আবুল কাশেম, অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের স্নাতকোত্তর বিভাগের শিক্ষার্থী ফজলে রাব্বী এবং সাব্বির পারভেজ।
তাদের উদ্ভাবিত টুলসটির নাম এপিডেমিক সিমুলেশন টুলস। এই টুলসের মাধ্যমে কোনো নির্দিষ্ট অঞ্চলে বা এলাকায় করোনাভাইরাস কীভাবে বিস্তার লাভ করতে পারে, তা অনুমান করা সম্ভব। এর মাধ্যমে সংক্রমণের ঝুঁকিতে থাকা মানুষের সংখ্যা এবং প্রাদুর্ভাব কমে আসতে কী পরিমাণ সময় লাগতে পারে, সে সম্পর্কেও ধারণা পাওয়া যাবে।
গবেষকরা বলছেন, শুধু করোনা নয়, যে কোনো মহামারি সম্পর্কে তথ্য পাওয়া যাবে এ টুলস ব্যবহার করে। এই সিমুলেশনের ফল জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকারের আগাম করণীয় পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক হবে।

করোনা ভাইরাসের বিভিন্ন প্রোটিন পর্যবেক্ষণ করে তাদের প্রকৃতি ও নেতিবাচক দিকগুলো নিয়ে গবেষণা করে গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, এই ভাইরাসের মধ্যে কার্বোক্সিল ও এমাইনো গ্রুপ রয়েছে। এই কার্বোক্সিল ও এমাইনো গ্রুপের উপাদানগুলোকে অকার্যকর ও নিষ্ক্রিয় করতে হাইড্রোক্সিল গ্রুপের প্রভাব রয়েছে। ই অবস্থায় তারা দেশীয় ও সহজলভ্য হাইড্রোক্সিল গ্রুপের বিভিন্ন উৎস নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে থাকেন। পরে বিভিন্ন উদ্ভিদের বিভিন্ন উপাদানের মধ্যে হাইড্রোক্সিল রয়েছে বলে তাদের গবেষণা বেরিয়ে আসে। সেইসব উদ্ভিদকে প্রথমে এক্সট্র্যাক্ট করা হয়। তারা মনে করেন এটির সঙ্গে আরও কিছু প্রাকৃতিক উপাদানযুক্ত করে বিশ্বমানের করোনা নিরোধক ওষুধ তৈরি করা যেতে পারে।